নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতের এ ঘটনায় বিরেল চাকমা নামের একজনকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। নিহত ব্যক্তি, তার স্ত্রী এবং বিরেলের বাড়ি রাঙামাটি। নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর। কক্সবাজার শহরের কলাতলীর উত্তরণ আবাসিক এলাকার একটি বাসায় হত্যার শিকার হন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তিন দিন আগে পূর্বপরিচিত বিরেলের বাসায় ওঠেন ওই দম্পতি। নিহত ব্যক্তি ও বিরেল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় একসঙ্গে মদ্যপান করেন। তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিরেল দা দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে ওই নারীকে ধর্ষণ করে বিরেল। ভুক্তভোগী নারী কৌশলে বাসা থেকে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন। বিরেল পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেন।
