বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত এক অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে মালয়েশিয়ার জোহর রাজ্যে। এতে মোট ১৪৩ জনের পরিচয় যাচাইয়ের পর ৬২ জনকে আটক করা হয়, যাদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে।
রাতে শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন, মিয়ানমারের ৩১, ইন্দোনেশিয়া ৫, বাংলাদেশ ৩, ভারত ২, নেপাল ১, শ্রীলঙ্কা ১, মিয়ানমার ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল।
মোহাম্মদ রুসদি বলেন, “আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে- বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।”
