বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি আগামী ১ নভেম্বরের মধ্যে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’-এর ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে। এ পদক্ষেপ কার্যকর হবে বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে।
এ ঘোষণার পর ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দেন। যদিও পরে তিনি বলেন, বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে আলোচনা হবে কি না, তা অনিশ্চিত।
এর আগে ট্রাম্প ট্রুথে দেওয়া আরেক পোস্টে চীনের বিরল খনিজ রপ্তানি নীতিকে ‘শত্রুতাপূর্ণ’ বলে আখ্যা দেন। তার দাবি, চীন বিশ্ববাজারকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে।
শুল্ক বৃদ্ধির ঘোষণার পর মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটে। গাড়ি, স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে ব্যবহৃত বিরল খনিজের উৎপাদনে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রথমবারের মতো শুল্ক আরোপের হুমকি দিলে চীন তাদের খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে, যার ফলে ফোর্ডের মতো প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়।
এছাড়া, চীন সম্প্রতি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে। এতে করে প্রতিষ্ঠানটির আরেক চিপ নির্মাতা সংস্থা অধিগ্রহণের প্রক্রিয়া থমকে যেতে পারে।
উল্লেখ্য, গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে, যা সময়ের সঙ্গে আরও তীব্র আকার ধারণ করছে।
