বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করার কথা রয়েছে। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।
চাঁনখারপুলে ছয়জন হত্যা মামলায় গত ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য শেষে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮ জন জবানবন্দি দিয়েছেন।
মামলায় কারাগার থাকা চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশেদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
উল্লেখ্য, গত ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
