বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি উল্লেখ করে তিনি বলেন, “আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।”
এর আগে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছে।”
একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।”
গণহত্যার বিচার প্রক্রিয়া বিষয়ে উপদেষ্টা জানান, এটি বিচারের গতিতে চলছে এবং আশা করছেন নির্বাচনের আগে কিছু বিচার প্রক্রিয়া শেষ হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক, সেজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
