নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রীয় সব কার্যক্রমে মহানবি হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি দুরূদ পেশ করার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক দুরুদ পাঠের মাহফিল থেকে এ আহ্বান জানানো হয়।
মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীদেরসহ জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, ঢাকা আলিয়ার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব জিনাত হোসাইন উপস্থিত ছিলেন।
মাহফিলে দুরূদ পেশ ও ও মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি নাজির আহমদ।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কতুব বলেন, হয়রত মোহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সময়ে বিশ্ব মানবতার মুক্তির মহান দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন। প্রিয় নবিজি (সা.) জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় উত্তম আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি আরও বলেন, নবিজি (সা.) সমাজে বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মূলত আধুনিক রাষ্ট্রীয় জীবনেও তার আদর্শ অনুসরণ করলেই সবার সমান অধিকার ও দুর্বল অসহায়ের প্রতি সহানুভূতি তথা ইহসান কায়েম করা সম্ভব।
