বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ব্ল্যাক স্টারসরা।
গতকাল রবিবার (১২ অক্টোবর) পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নাম লেখায় তারা।
আক্রার গমগমে স্টেডিয়ামে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ঘানা।
তবে ঘানার জন্য জয়টা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কারণ একই সময়ের আরেক ম্যাচে মাদাগাস্কার ৪-১ ব্যবধানে হেরে যায় মালির কাছে। ফলে হারলেও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত ছিল ঘানার।
এদিকে, জ্যাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-তে রানার্সআপ হয়ে প্লে-অফের পথে এগিয়ে গেছে নাইজার।
গ্রুপ ‘এ’-তে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে মিশর, আর দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসো ৩-১ গোলে ইথিওপিয়াকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্কটল্যান্ড-ভিত্তিক ফরোয়ার্ড পিয়েরে কাবোরে।
