বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না উল্লেখ করে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি। তিনি একে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, জনগণের মধ্যে পিআর নিয়ে কোনো আগ্রহ নেই। মানুষ তাদের এলাকার প্রার্থীকে ভোট দিতে চায়, কিন্তু তালিকা-ভিত্তিক ভোটিং তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যখনই কোনো দল মনে করে একটি পদ্ধতি তাদের সুবিধা দেবে, তখন তারা সেটি চাপিয়ে দিতে চায়। পিআর আনার মাধ্যমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে। আনুপাতিক ভোটপদ্ধতি দেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।
রিজভী আরও বলেন, ইসরাইল, নেপালসহ বহু দেশে এ পদ্ধতি রাজনৈতিক অস্থিরতা ডেকে এনেছে। এমনকি ফ্রান্সের মতো উন্নত দেশও এ নিয়ে নতুন করে ভাবছে। বাংলাদেশের মতো অপরিণত গণতন্ত্রে এ ব্যবস্থা ধ্বংসাত্মক হতে পারে। ইভিএমের মতো পিআর পদ্ধতির নির্বাচনও কারচুপির ঝুঁকি বাড়াবে।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সবসময়ই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছে এবং ভবিষ্যতেও সেই নিয়মতান্ত্রিক রাজনীতির পথেই থাকবে।
