বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নিচের উপদেশগুলো আমার ডায়রীতে লিখা ছিল। এগুলো আব্বার শেষ সময়ে আমাকে বলা। অধিকাংশই বিছানায় শুয়ে শুয়ে। রাতে ঘুম হতো না তখন বসে বসে আমি খেদমত করতাম, আব্বা ইতিহাস-ঐতিহ্য নিয়ে গল্প বলতেন। রাজনীতি, অর্থনীতি সব আলোচনাই হতো। শিল্প-সংস্কৃতি থেকে আধ্যাত্মিকতার তা‘লীম নিতাম বাবার কাছে ছোটবেলা থেকে। সেসব তো লিখে রাখা হয়নি। বাবা আজ জীবনের বেলাশেষে। মনে হলো, আমার জীবনের পাথেয় হিসাবে কিছু কথা লিখে রাখি। আজ আব্বা নেই তার উপদেশগুলো আমার জীবনের পাথেয়…
আর সদকাযে জারিয়া হিসাবে সাথে করে কী নিয়ে যাচ্ছ।
ধারাবাহিকতায় আজ ৩য় পর্ব…
৩১. জ্ঞানের নির্যাস হলো বিনয়। আর মূর্খতার মূল হলো অহংকার। জ্ঞানী নিজের পেছনে সময় ব্যয় করেন, আর মূর্খ অন্যের পেছনে নিজেকে ব্যয় করে। তোমার জ্ঞান তোমাকে বিনয়ী ও সদাচার করে তুলবে। গাছে যত ফল হয়, গাছ ততো বেশি ন্যুব্জ হয় ফলভারে।
৩২. পরিবারের সুখের মূলমন্ত্র হলো আপনজনদের কাছে হেরে যাওয়া। কিছু কিছু হারই হলো জিত। সে পরিবারেই জগড়া হয়, যে প্রিয়জনকে হারাতে চায়, তার উপর প্রতিশোধ ও রাগকে ঢালতে চায়। ঝগড়া মিটে যাওয়ার ঔষধ হলো চুপ থাকা।
৩৩. স্ত্রীর সাথে সম্মান করে কথা বলা। সে তোমার সন্তানের জন্মধাত্রী। তার অপমান মানে তোমার সন্তানের অপমান।
৩৪. স্ত্রীর কথা কখনো মা’কে আর মা’র কথা কখনো স্ত্রাী না বলা। দু’জন দু’জনের জায়গা থেকে সম্মানিত। দু’জনের আলাদা আলাদা ভালোবাসা। যার পাপ্য তাকে দেয়া।
৩৫. নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। অন্যের উপর ভরসা করে নিজের মেধার অপচয় করবে না।
৩৬. ঘর থেকে বের হতে প্রস্তুতি নিয়ে বের হবে। যেন বের হয়ে মানুষের দিকে চেয়ে থাকতে না হয়। খাবার খেয়ে বের হবে, যাতে অন্যের খাবার খেতে না হয়। কাউকে খাওয়াতে না পারলে তার খাবার না খাওয়াই ভালো।
৩৭. তোমার উপর যারা এহসান করেছেন, তাদের এহসানের বা উপকারের বদলা দেয়া। যে মানুষের এহসানের বা উপকারের বদলা দেয় না, সে জালেম।
৩৮. বান্দার হকের বিষয়ে আল্লাহকে ভয় করবে। কারো হক নষ্ট করলে তা তওবার দ্বারা মাফ পাওয়া যায় না। তার হক আদায় করতে হয় বা তার কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহর হক তিনি চাইলে তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকা চাই।
৩৯. মানুষকে ভালো দৃষ্টিতে দেখবে। কারণ তোমার দৃষ্টির প্রভাব তার উপর পড়ছে। তুমি যে দৃষ্টিতে দেখবে, সে তোমার সাথে অনুরূপ আচরণই করবে।
৪০. কারো মন্দ আচরণে তাকে ভুলে যাওয়া কিংবা কাউকে উপকার করে তাকে মনে রাখার দ্বারা সম্পর্ক নষ্ট হয়। কারো মন্দ আচরণ হলে তাকে আরো কাছে আনলে সে ভালো আচরণের দিকে ফিরে আসবে।
৪১. নিজের হককে ছেড়ে দেয়া এটি সাহাবাদের মেজাজ। এর দ্বারা মানুষ সোনার মানুষে রূপ লাভ করে। তাই ছেড়ে দিয়ে যদি তুমি চলতে পারো তাহলে সোনার মানুষ হয়ে যাবে।
৪২. নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা করার চেয়ে নিজেকে গড়ার চিন্তা করো। নিজেকে বড় করার মানসিকতা ত্যাগ করে মানুষ হওয়ার মানসিকতা লালন করো। জগতে অনেক পদ-পদবী লাভ করা অনেক সহজ কিন্তু মানুষ হওয়া অনেক কঠিন।
৪৩. সত্যকে সত্য বলা শিখতে হবে। এটি জীবনভর প্র্যাক্টিস করো। সত্য তোমার মনপুত না হলেও এটিই সত্য। সত্যকে মেনে নাও। সত্য কবুল করার মানসিকতা সবচেয়ে বড় মনুষ্যত্ব। নিজে ছোট হলেও সত্যকে সত্য বলা শিখ।
৪৪. সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার কখনো চেষ্টা করবে না। সত্য আলো। মিথ্যা অন্ধকার। সত্যের সামনে মিথ্যা টিকতে পারে না, যেমন আলোর সামনে অন্ধকার টিকে থাকতে পারে না।
৪৫. জীবন শিখার নাম। প্রতিনিয়ত শিখতে হবে। শিখতে পারলে তুমি জীবনকে উপভোগ করতে পারবে।
বিঃদ্রঃ প্রতি বৃহস্পতিবার ধারাবাহিকভাবে ইসলামের কথায় এটি প্রকাশ হচ্ছে। ৪র্থ পর্ব আগামী বৃহস্পতিবার প্রকাশ হবে ইনশাআল্লাহ। চোখ বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডট কম এ।
