বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে একটি ৫ তলা ভবনের বাইরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে মো. রায়হান নামে ১০ বছর বয়সি ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো তা এখনও জানা যায়নি।
জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড, টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল-ইহসান মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদ্রাসার ৪র্থ তলার এসির আউটডোরে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে উদ্ধার করে শিশুটিকে তার মা মাহমুদা বেগম এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করেন।
শিশুটির আটকে পড়া ও উদ্ধার কার্যক্রম দেখতে স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক লোক উপস্থিত হন এবং ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন।
শিশুটির মা মাহমুদা বেগম বলেন, “আমার ছেলে রায়হান পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ। এর আগে সে যে মাদ্রাসায় পড়েছে, সেখানে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আজকেও সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪র্থ তলায় এসির আউটডোরে দাঁড়িয়ে থাকে।”
মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুই দিন আগে হিফজ্ বিভাগে ভর্তি করা হয়েছে। আজ সে পালানোর চেষ্টা করতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে এবং পরে তার মা শিশুটিকে বাড়িতে নিয়ে যান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো তা কেউ বলতে পারেনি। তিনি এই ধরনের আবাসিক মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
